ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৬:০৬ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৪৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭ জন, খুলনা বিভাগে ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ১৫৭ জন। এর মধ্যে শুধু চলতি মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৫৩ জন।

অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু চলতি মাসেই মারা গেছেন ৩৫ জন। এছাড়া জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন এবং জুন মাসে ১৩ জনের মৃত্যু হয়েছে।

Link copied!