পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, জানা গেল সময়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৬:২৫ পিএম

পদত্যাগ করছেন  রাষ্ট্রপতি, জানা গেল সময়

ছবি: সংগৃহীত

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী শনিবার বা রোববার তিনি পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে পরিবার। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ছেন তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

সে সময় রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলে এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তাঁর সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে বিক্ষোভও অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখা যায়নি।

তবে সম্ভাব্য সাংবিধানিক সংকটের আশঙ্কায় বিএনপি সে সময় রাষ্ট্রপতির অপসারণের দাবির সঙ্গে একমত হয়নি। পরে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ ভবনের সামনে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনেও তিনি বক্তব্য দেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ বলছে, পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

Link copied!