সেপ্টেম্বর ৫, ২০২৬, ১২:২২ পিএম
সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী, স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই দম্পতি সম্প্রতি কক্ষটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেছিলেন। শুক্রবার কক্ষের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে তালা খুলে তিনজনের মরদেহ দেখতে পায়।
নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো ছিল। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।