সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৩:১২ পিএম
ছবি: সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হেরে মূল পর্বে ওঠার পথ কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে পরাজয়ের পর এবার ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে জোন্সকে ই-মেইলের মাধ্যমে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জোন্সের জায়গায় সহকারী কোচ আতিকুর রহমান মিশু গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোচ হিসেবে ডাগআউটে থাকবেন।
জানা গেছে, জোন্সের আচার-আচরণ নিয়ে আগে থেকেই বাফুফে অসন্তুষ্ট ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অহেতুক নেতিবাচক কথাবার্তাও ফেডারেশনকে বিপাকে ফেলেছিল।
এ ছাড়া সহকারী কোচ মিশুর সঙ্গে জোন্সের সরাসরি বিরোধও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে গ্রুপ পর্ব শেষ হওয়ার পরই জোন্সকে বিদায় করার পরিকল্পনা ছিল বাফুফের। তবে উজবেকিস্তানে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের পর আর অপেক্ষা করেনি ফেডারেশন।
ফলে তাসখন্দেই জোন্সের বিদায় নিশ্চিত করা হয়েছে। এমনকি তাকে হোটেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে বলেও জানা গেছে।