মেসির পর আর্জেন্টিনা ছাড়ার ভাবনা পারেদেসের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০১:২৫ পিএম

মেসির পর আর্জেন্টিনা ছাড়ার ভাবনা পারেদেসের

ছবি : সংগৃহীত

লিওনেল মেসির জাতীয় দল থেকে অবসরের ঘোষণার পর আর্জেন্টিনা দলেও যেন বিদায়ের সুর। এবার আলবিসেলেস্তেদের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসও জাতীয় দল ছাড়ার কথা ভাবছেন। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না তিনি। কোচ লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলার পর নিজের ভবিষ্যৎ ঠিক করবেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয় আর্জেন্টিনার। ওই ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন পারেদেস। এই শাস্তির সঙ্গে মেসির বিদায়ও তাঁর জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবাচ্ছে।

মঙ্গলবার সাংবাদিকদের পারেদেস বলেন, জাতীয় দলের হয়ে চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে পড়তে পারে। ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং মেসির অবসর—দুটি বিষয়ই এর পেছনে বড় কারণ বলে জানান তিনি। তবে অবসরের সিদ্ধান্ত নেওয়ার আগে স্কালোনির সঙ্গে কথা বলতে চান এই মিডফিল্ডার।

২০১৭ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় পারেদেসের। এরপর আলবিসেলেস্তেদের জার্সিতে ৮৪টি ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে এখানেই তাঁর পথচলা শেষ হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

ফিফার দেওয়া ১০ ম্যাচের নিষেধাজ্ঞাকেও বেশি বলে মনে করছেন পারেদেস। শাস্তি কমানোর জন্য আপিল করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর ভাষায়, আপাতত নিষেধাজ্ঞা কমানোর চেষ্টা করাই সামনে থাকা একমাত্র পথ।
মেসির অবসর নিয়েও আবেগঘন কথা বলেছেন পারেদেস। তাঁর মতে, সতীর্থরা মেসির এমন সিদ্ধান্তের কথা আগে থেকেই কিছুটা জানলেও বাস্তবে সেটির জন্য প্রস্তুত ছিলেন না। বিশ্বকাপের শেষ দিকেও মেসি জানিয়েছিলেন, ফাইনালই হয়তো তাঁর শেষ ম্যাচ হতে পারে।

মেসিকে বিদায় জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) একটি বিশেষ ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বলেও খবর এসেছে। এমন ম্যাচে মেসির সঙ্গে আবার খেলতে চান কি না—এমন প্রশ্নে পারেদেস জানান, তিনি সবসময়ই মেসিকে পাশে নিয়ে খেলতে চান। তবে দীর্ঘ দুই দশক জাতীয় দলের হয়ে খেলার পর বিদায়ের সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন, সেটিও তিনি বুঝতে পারছেন। মেসির সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান তিনি।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলেও মনে করেন পারেদেস। তাঁর মতে, দলের নেতা মেসিকে ছাড়া একই মান ধরে রেখে বড় সাফল্য অর্জন করা সহজ হবে না। গত কয়েক বছরে অসাধারণ খেলোয়াড়দের নিয়ে যে দলটি তৈরি হয়েছে, তাদের সামনে এখন সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই বড় পরীক্ষা।

Link copied!