সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য এবং নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়মের অভিযোগ উঠেছে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে।
আসিফ মাহমুদ ছাড়া অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়ায় আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করা হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে সেই সরকারে উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন আসিফ মাহমুদ।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।