সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর চিকিৎসার খোঁজখবর নেন।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ ইউনুস আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তিনি কিছু সময় জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন।
এ সময় রাষ্ট্রপতি চিকিৎসকদের সঙ্গে কথা বলে টুকুর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। পাশাপাশি মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলেন তিনি।
হাসপাতালে এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এবং সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে ইকবাল হাসান মাহমুদ টুকুকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদ জানান, কয়েক দিন ধরে তীব্র জ্বরে ভুগছিলেন তার বাবা। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।