দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০৫:৫৪ পিএম

দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই দিল্লি সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান দিল্লি সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হুমায়ূন কবির বলেন, বিএনপি জনগণের বিপুল জনসমর্থন নিয়ে বহুবার এই দেশ শাসন করেছে, যা ধারাবাহিকভাবে প্রমাণিত হয়েছে। জনগণ বিএনপির প্রতি গভীর টান অনুভব করে বলেই বারবার আমাদের নির্বাচিত করেছে। এটি একটি ঐতিহাসিক পার্টি। যার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে যেখানেই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তা পুনরুদ্ধারে বিএনপি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করেছে।

এদিকে, গত ২৯ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতাদের নিয়ে সেমিনার আয়োজনের অনুমতি না দেওয়ার ঘটনাকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিল। পরে দিল্লি পুলিশের বাধার কারণে শেষ পর্যন্ত সেমিনারটি বাতিল করেন আয়োজকরা।

গত আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘দিল্লি সফর’ নিয়ে বিভিন্ন খবর ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত তিনি ওই মাসে দিল্লি সফরে যাননি। যদিও ভারত থেকে বারবার এ বিষয়ে আগ্রহ দেখানো হয় এবং দুই সরকারের মধ্যে সফর নিয়ে আলোচনা হয়। এবার ঢাকার পক্ষ থেকে তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে আগের তুলনায় ইতিবাচক বার্তা এলো।

এদিকে, নতুন চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে বাংলাদেশ। গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর নিজের এক্স পোস্টে এ তথ্য জানান।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, কোনো চাপের কারণে নয়, প্রয়োজনের তাগিদেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার পথে সরকার। বাংলাদেশকে এই অঞ্চলের এভিয়েশন হাব করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

Link copied!