২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৩:১৯ পিএম

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার কার্যক্রম আগামী সেপ্টেম্বরে শুরু করবে মালয়েশিয়া। এই প্রক্রিয়া ছয় মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (রোববার) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, বাংলাদেশ থেকে যে জনশক্তি রফতানি হবে, তার কার্যক্রম সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে এবং ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় যাওয়া ২ লাখ শ্রমিককে তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে নেওয়া হবে। এর বাইরে দেশটি আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে বিনা খরচে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মীর শাহে আলম বলেন, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি জনশক্তি রয়েছে। নতুন করে আরও বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় পাঠানোর পাশাপাশি দেশটিতে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!