আগস্ট ২৪, ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
সোমবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে জ্বালানি সংকট নিয়ে শুরু থেকেই সরকার গুরুত্ব দেয়নি। জ্বালানিমন্ত্রী সংকটের কথা অস্বীকার করলেও পরে বিরোধী দলকে নিয়ে জ্বালানি বিষয়ে একটি কমিটি করা হয়। তবে ওই কমিটিতে বিরোধী দলের দেওয়া মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সরকার জ্বালানি কেনাকাটায় প্রয়োজনীয় স্বচ্ছতা নিশ্চিত করতে পারেনি বলেও দাবি করেন এনসিপির এই নেতা। তার ভাষ্য, গ্যাস সংকটের কারণে বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শিল্প উৎপাদনও কমে এসেছে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানো হবে না বিএনপি সরকারের এমন প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি। বরং মানুষকে অতিরিক্ত বা ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের সমস্যায় পড়তে হচ্ছে। দেশে লোডশেডিংও বেড়েছে বলে দাবি করেন তিনি।
যেকোনো সংকটের জন্য বিএনপি সরকার আগের অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিস্ট সরকারের ওপর দায় চাপাচ্ছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, মেগা প্রকল্পে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও মেট্রোরেল প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য খাত নিয়েও বিএনপি সরকারের সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, আগের সময়ে নেওয়া স্বাস্থ্য খাতের বেশ কিছু সংস্কার বাতিল করা হয়েছে। পাশাপাশি হাম পরিস্থিতি মোকাবিলায় সরকার পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারেনি।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তার অভিযোগ, ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বাড়ছে এবং বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর ছাত্রদল দমন-পীড়ন চালাচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্য থেকে শুরু করে জননিরাপত্তা, বিদ্যুৎ-জ্বালানি ও শিক্ষা—বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।