আগস্ট ২৩, ২০২৬, ০১:১৫ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে এবং এর প্রভাব গ্যাস ও এলএনজি সরবরাহে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (রোববার) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে, কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, তারপরও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। দেশের যেসব অঞ্চলে সংকট রয়েছে সেসব জায়গায় জনগণের পাশে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জনকল্যাণ, সামাজিক সুরক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি দায়িত্বশীল সরকার কীভাবে কাজ করতে পারে, তার উদাহরণ বর্তমান সরকার ইতোমধ্যে দেখিয়েছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. জহির উদ্দিন স্বপনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।