আগস্ট ১৬, ২০২৬, ০৪:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাইসেন্স করা পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি ছোড়ার ঘটনায় দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাতল্লাশির সময় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পিস্তলটির মালিকের নাম কমলেশ কেদারনাথ রায়। তিনি স্ত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বেনারস থেকে মুম্বাই যাচ্ছিলেন।
কর্মকর্তারা জানান, নিরাপত্তাতল্লাশির সময় কমলেশের ৭.৬২ মিমি পিস্তল ও ২১ রাউন্ড তাজা গুলি পরীক্ষা করার মুহূর্তে দুর্ঘটনাবশত গুলিবর্ষণের ঘটনা ঘটে।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অস্ত্রটি পরীক্ষার সময় দুর্ঘটনাবশত এক রাউন্ড গুলি বের হয়ে যায় এবং এটি অন্য কোথাও লেগে ছিটকে এসে স্ক্রিনিং কর্মী রোহিত রাজ ও সুমন কুমারীকে আঘাত করে।
আহত দুই নিরাপত্তাকর্মীকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই যাত্রীকে আটক করে পুলিশ। ঘটনাটি তদন্ত করছে ভারতের ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি। বিমানবন্দরে অস্ত্র বহন ও নাড়াচাড়ার নির্ধারিত নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে।
আইন অনুযায়ী, বিমানে আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে সেটি সম্পূর্ণ খালি করে তালাবদ্ধ শক্ত বাক্সে প্যাক করতে হয়। পাশাপাশি চেক-ইন কাউন্টারে বৈধ লাইসেন্স ও আলাদাভাবে রাখা গুলি দেখানোর পাশাপাশি এ-সংক্রান্ত ঘোষণাও দিতে হয়।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, একজন যাত্রী তাঁর ব্যাগেজে সর্বোচ্চ একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার, পিস্তল বা শটগান এবং ৫০টি কার্তুজ বহন করতে পারেন।