আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০১:২৯ পিএম

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বুধবার) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, এটি গুজবের একটি অংশ। তিনি আরও বলেন, ভারত–বাংলাদেশ সম্পর্কে এমন কোনো জটিলতা নেই, যা সমাধান করা সম্ভব নয়।

তিনি বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির মূল শক্তি এবং একটি দেশের জন্য আশীর্বাদ। বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সঠিক স্কিল ও শিক্ষা দিতে পারলে তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ এবং পৃথিবী কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। তরুণদের শক্তি একটি দেশের উন্নতিতে ইতিবাচক মাত্রা যোগ করে। তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করতে বর্তমান সরকার ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে।

Link copied!