রাষ্ট্রপতি পদে বুধবার প্রার্থী ঘোষণা করবে বিএনপি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০৫:১৫ পিএম

রাষ্ট্রপতি পদে বুধবার প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ফাইল ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। আগামী বুধবার দলীয়ভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি। অন্যদিকে, রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে নির্বাচন কমিশন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে, যার বেশিরভাগই কল্পনাপ্রসূত।

তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়ন ফরম কিনেছে বিএনপি। বিরোধী দলের পক্ষ থেকে কর্নেল অলি আহমদকে প্রার্থী ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে।

প্রায় ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি বাছাইয়ের ক্ষেত্র তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, ‍‍কাকে মনোনয়ন দিবেন, এই জায়গাটা হয়তো বিএনপি‍‍`র অভ্যন্তরীণ একটা প্রতিযোগিতা আছে। আর তাছাড়া কর্নেল অলি-কে সামনে এনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে একজনকে তুলনা করার সুযোগ করে দিয়েছে, সেটা কিন্তু আগামীর রাজনীতির জন্য চমৎকার একটা মাইলফলক হবে বলে আমার বিশ্বাস।‍‍

বিশ্লেষকদের আশা, সংসদ সদস্যরা এমন একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করবেন, যার রাজনৈতিক ত্যাগের পাশাপাশি সব মহলে গ্রহণযোগ্যতাও রয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক মো. জামাল উদ্দিন বলেন, ‍‍একজন রাজনীতিক, (যিনি) বিদগ্ধ, পরিচ্ছন্ন এবং ন্যায়পরায়ণ এবং অন্যান্য পার্টির মধ্যে গ্রহণযোগ্য- এমন একটি রাষ্ট্রপতি নির্বাচন (নির্বাচিত) হোক, সেটা কিন্তু জাতির চাওয়া হবে। (এটা) আগামীর গণতন্ত্রের স্বাস্থ্যকর পরিবেশের দ্বার উন্মোচন করবে।‍‍

রাজনৈতিক ত্যাগের দিক বিবেচনায়ও অনেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই এগিয়ে রাখছেন। বিশেষ করে তারেক রহমানের লন্ডনে অবস্থান এবং বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময়ে দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

Link copied!