প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় তিনটি গ্রাম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি। এ সময় সরকারের সহায়তা কর্মসূচি পর্যায়ক্রমে বিস্তৃত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় নেওয়া তিনটি গ্রাম হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির ৩১ দফা ও এসডিজি লক্ষ্যমাত্রার মধ্যে তেমন পার্থক্য নেই। দেশ পুনর্গঠনে এসডিজির সঙ্গে সমন্বয় করে ৫ বছরের অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সরকারের সহায়তা কর্মসূচি পর্যায়ক্রমে বিস্তৃত হচ্ছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বিভিন্ন ক্যাটাগরিতে সহায়তা কার্ড ও ভর্তুকি দিচ্ছে সরকার। দেশের সব নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও অর্থনৈতিক সহায়তা কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সাময়িক স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি পুনর্বাসন, পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য সরকার ‘থ্রি আর’ কৌশল নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।