দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ, আড়াই মাসে যোগ ৩ লাখের বেশি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৬, ০৪:০০ পিএম

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৬ লাখ, আড়াই মাসে যোগ ৩ লাখের বেশি

আজ রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

দেশে ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৪ জনে দাঁড়িয়েছে। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রায় আড়াই মাসে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালনা করে নির্বাচন কমিশন।

এর আগে চলতি বছরের মে মাসে হালনাগাদ করা ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এরপর ৩১ জুলাই পর্যন্ত নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন যুক্ত হওয়ায় মোট ভোটারের সংখ্যা বেড়ে ১২ কোটি ৮৬ লাখ ছাড়িয়েছে।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচিতে পরিবর্তন এলে কিংবা কমিশন নতুন কোনো সিদ্ধান্ত নিলে পরবর্তী সময়ে সম্পূরক ভোটার তালিকা করা হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গেও কথা বলেন আখতার আহমেদ। তিনি জানান, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আইন সংশোধনের সুপারিশ এখনো পাঠানো হয়নি। সংশ্লিষ্ট নথির প্রক্রিয়া শেষ হলে সেটিও পাঠানো হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। রোববার বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।

তবে এখন পর্যন্ত বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেনি।

Link copied!