দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৮০ জন ডেঙ্গুরোগী।
আজ (সোমবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৬৭ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৩১ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে দুইজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৬৮৪ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯ জন।
এ ছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ১৫ হাজার ৩৪৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৮১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং এ রোগে মৃত্যু হয় ৪১৩ জনের।
এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মারা যান ৫৭৫ জন।
এ ছাড়া ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুরোগী।