সমালোচনার মুখে কাজ থেকে বিরতির ঘোষণা আরিয়ানার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৪:৪৭ পিএম

সমালোচনার মুখে কাজ থেকে বিরতির ঘোষণা আরিয়ানার

ছবি: এপি

বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা আরিয়ানা গ্র্যান্ডে জানিয়েছেন, চলমান ‘ইটারনাল সানশাইন’ বিশ্ব সফর শেষ হওয়ার পর তিনি জনসম্মুখের কাজ ও উপস্থিতি থেকে কিছু সময়ের জন্য দূরে থাকবেন। একই সঙ্গে লন্ডনে মঞ্চস্থ হতে যাওয়া জনপ্রিয় মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরিয়ানার মুখপাত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জনসমালোচনা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান নজরদারির কারণে এই বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব সফরটি সফলভাবে শেষ করার পর স্বাস্থ্যকর ও স্বাভাবিকভাবে কিছুদিন বিশ্রাম নিতে চান এই পপ তারকা।

২০২৭ সালে লন্ডনের বার্বিকান থিয়েটারে মঞ্চস্থ হওয়ার কথা ছিল স্টিফেন সন্ডহাইমের বিখ্যাত মিউজিক্যাল ‘সানডে ইন দ্য পার্ক উইথ জর্জ’। এতে ‘উইকেড’ ছবির সহশিল্পী জনাথন বেইলির সঙ্গে অভিনয় করার কথা ছিল আরিয়ানার। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, নির্ধারিত সময়েই নাটকটি মঞ্চস্থ হবে এবং আরিয়ানার পরিবর্তে নতুন শিল্পী নেওয়া হবে।

সম্প্রতি আরিয়ানা তার অষ্টম স্টুডিও অ্যালবাম ‘পেটাল’ প্রকাশ করেছেন। অ্যালবামের শিরোনাম গান প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওজন কমে যাওয়া ও স্বাস্থ্য নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়।

এর আগে ২০২৪ সালের এক সাক্ষাৎকারে আরিয়ানা জানিয়েছিলেন, কিশোরী বয়স থেকেই তাকে মানুষের মন্তব্য ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তিনি বলেন, ১৬–১৭ বছর বয়স থেকেই আমাকে পরীক্ষাগারের নমুনার মতো দেখা হয়েছে। আমার চেহারা, শরীর, পোশাক সবকিছু নিয়েই মানুষ মন্তব্য করেছে। মানুষের শরীর বা চেহারা নিয়ে মন্তব্য করা শুধু অস্বস্তিকর নয়, বরং সবার জন্যই ক্ষতিকর।

শৈশবে নিকেলোডিয়নের একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ২০১৩ সালে নিজের প্রথম অ্যালবাম “ইয়োরস ট্রুলি” প্রকাশ করেন আরিয়ানা গ্র্যান্ডে। তিনি তিনটি গ্র্যামি পুরস্কার জিতেছেন এবং “উইকড” মুভি সংস্করণে পার্শ্ব অভিনেত্রী হিসেবে একাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন।

Link copied!