কবে আসছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’?

শোবিজ ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ০২:২৯ পিএম

কবে আসছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’?

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াই এবার উঠে আসছে বড় পর্দায়। দীর্ঘদিনের অপেক্ষার পর মুক্তির প্রস্তুতি শুরু করেছে নির্মাতা অনম বিশ্বাস পরিচালিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’।

সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে ঐতিহাসিক ২৫ জুলাই প্রকাশ করা হয়েছে এর প্রথম পোস্টার। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সিনেমাটির প্রচারণা কার্যক্রম।

মুক্তিযুদ্ধের এক অনন্য অধ্যায়—স্বাধীন বাংলা ফুটবল দলের আত্মত্যাগ, দেশপ্রেম ও সংগ্রামের গল্পই তুলে ধরা হবে সিনেমাটিতে।

১৯৭১ সালের ২৫ জুলাই ভারতের নদীয়া ফুটবল একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীন বাংলা ফুটবল দল। বিদেশের মাটিতে প্রথমবার বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করে খেলতে নামা সেই ম্যাচ মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’।

প্রকাশিত পোস্টারে যুদ্ধকালীন বাংলাদেশের প্রতীকী আবহ ফুটিয়ে তোলা হয়েছে। পানিতে ডুবে থাকা জনপদের সামনে এক ফুটবলারের ভাস্কর্য, আকাশে যুদ্ধবিমান এবং পাশে উড়তে থাকা বাংলাদেশের পতাকা—সব মিলিয়ে পোস্টারটি মুক্তিযুদ্ধ ও ফুটবলকে এক সুতোয় গেঁথে প্রতিরোধের শক্তিশালী বার্তা তুলে ধরেছে।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রেজওয়ান পারভেজ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ আরও অনেক শিল্পী।

সিনেমাটির মুক্তির বিষয়ে নির্মাতা অনম বিশ্বাস জানান, ‘ঠিকানা বাংলাদেশ’ চলতি বছরই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমার মুক্তিকে সামনে রেখে ধীরে ধীরে প্রচারণামূলক কার্যক্রম শুরু করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘ঠিকানা বাংলাদেশ’।

মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় শুধু যুদ্ধের গল্প নয়, স্বাধীন বাংলা ফুটবল দলের মাঠের লড়াই, দেশপ্রেম এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার সংগ্রামও তুলে ধরা হবে।

Link copied!