ছবি: সংগৃহীত
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবেন। এতদিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।
আজ (রবিবার) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য একজন প্রাপ্তবয়স্ক নাগরিককে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে ভ্রমণ কোটার সীমা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্তের ফলে বার্ষিক ভ্রমণ কোটা একবারে ৬ হাজার ডলার বাড়ল। অর্থাৎ, ১২ হাজার ডলারের সীমা থেকে তা বেড়ে ১৮ হাজার ডলারে উন্নীত হয়েছে।
তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ভ্রমণ কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে। ফলে নতুন নিয়মে শিশুদের বার্ষিক সীমা হবে সর্বোচ্চ ৯ হাজার ডলার।
এদিকে, পুরো ভ্রমণ কোটা নগদ ডলার হিসেবে নেওয়ার সুযোগ থাকছে না। আগের নিয়ম অনুযায়ী, একজন ব্যক্তি বছরে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ সঙ্গে নিতে পারবেন। অবশিষ্ট অর্থ অনুমোদিত অন্যান্য মাধ্যমে ব্যবহারের সুযোগ থাকবে।