সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় নিজের কেনা ফ্ল্যাটে দেড় যুগের বেশি সময় ধরে বসবাস করছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তবে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাড়ি দখল হয়ে যাওয়ার একটি তথ্য ছড়িয়ে পড়ায় বিস্ময় ও বিরক্তি প্রকাশ করেছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যটি তার বর্তমান জীবনের সঙ্গে কোনোভাবেই মেলে না। মূলত প্রায় ২২-২৩ বছর আগের একটি ঘটনাকে নতুন করে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।
দিলারা জামান জানান, ২০০৩-০৪ সালের দিকে তিনি ঢাকার শ্যামলীতে বাবার কাছ থেকে পাওয়া পৈতৃক বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। সে সময় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছিল। পরে অবশ্য সেই দখলের ঘটনা আর এগোয়নি।
পরবর্তীতে শ্যামলীর ওই বাড়িটি বিক্রি করে দেন বলে জানান অভিনেত্রী। ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে গিয়ে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। এরপর থেকে সেখানেই বসবাস করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে দিলারা জামান বলেন, ‘মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে! একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়। ভালো কাজে যদি মস্তিষ্ক কাজে না লাগে, তাহলে কেমন লাগে! কী আর বলব।’
বর্তমান জীবন সম্পর্কে অভিনেত্রী বলেন, এখন তিনি উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকেন এবং অভিনয়ের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গেলেও আগের মতো নিয়মিত বিদেশে যাওয়া হয় না।
প্রায় দুই যুগ আগের ঘটনাকে নতুন করে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিস্ময় প্রকাশ করে দিলারা জামান বলেন, হঠাৎ করে এ ধরনের তথ্য কীভাবে সামনে এলো, তা তিনি নিজেই বুঝতে পারছেন না।