হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯১

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৫:২২ পিএম

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন।

আজ (শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৭৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪৩ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৮৯১ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৪১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!