আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৫০ পিএম

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

সোমবার নিজের ফেসবুক পেজে অবসরের সিদ্ধান্তের কথা জানান মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, ‘ফাইনালের পর থেকে অনেক সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।’

অবসরের সিদ্ধান্তটি তাঁর জন্য অত্যন্ত কষ্টের ছিল জানিয়ে মেসি বলেন, ‘এটি এমন একটি সিদ্ধান্ত, যা হৃদয়ে প্রচণ্ড কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এখনই সরে দাঁড়ানোর সময়। আমি শপথ করে বলতে পারি, সবসময় নিজেকে উজাড় করে দিয়েছি। শুধু সাম্প্রতিক কয়েক বছরে, যখন আমরা সবকিছু জিতেছি, তা নয়; এর আগেও জাতীয় দলের এই জার্সির জন্য সবসময় লড়েছি।’

জাতীয় দলের হয়ে দেশের মানুষকে আনন্দ দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য ছিল উল্লেখ করে মেসি বলেন, ‘ফুটবলের মাধ্যমে যেন আপনারা আর্জেন্টাইন হওয়ার জন্য গর্ববোধ করেন, সেই চেষ্টা সবসময় করেছি।’

জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কষ্টের কথা জানিয়ে তিনি বলেন, ‘আর খুব বেশি সময় বাকি নেই, একের পর এক অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এটি এমন একটি অধ্যায়, যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। জাতীয় দলে থাকা আমি ভালোবাসি, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি। এখন আর দেওয়ার মতো কিছু নেই। তাছাড়া পেছন থেকে দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য।’

দীর্ঘদিনের ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ‘গত ২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। মাঠের ভেতর থেকে আপনাদের সমর্থনের শব্দ আমি খুব মিস করব। এখন আমি আপনাদেরই একজন হয়ে বাইরে থেকে জাতীয় দলকে সমর্থন করব। ভালো সময় হোক কিংবা খারাপ সময়, সবসময় পাশে থাকব।’

নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ‘এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় সবসময় পাশে থাকার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তাদের সঙ্গে কাটানো স্মৃতি ও মুহূর্তগুলো আমি কখনও ভুলব না।’

জাতীয় দলের হয়ে সতীর্থদের সঙ্গে পাওয়া সাফল্যের কথাও স্মরণ করেন মেসি। তিনি বলেন, ‘আমার সতীর্থদের সঙ্গে আপনাদের স্বপ্নের মুহূর্তগুলো উপহার দিতে পেরেছি, এ নিয়ে আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে এসব মুহূর্ত উপভোগ করা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। আমি আপনাদের ভালোবাসি।’

সবশেষে আর্জেন্টিনার হয়ে খেলতে পারাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে উল্লেখ করে মেসি লেখেন, ‘আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা।’

বার্তার শেষে মেসি জানান, লেখাটি তিনি ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই লিখেছিলেন। তবে সম্প্রতি তাঁর বাবাকে হারানোর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হয়েছেন।

Link copied!