হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৪৩

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২৬, ০৪:৩৩ পিএম

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭টি শিশু।

আজ (মঙ্গলবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৪৪টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯টি শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৪৩টি শিশু মারা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১টি শিশু হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৬। এ সময়ে ৮৯০টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সমসংখ্যক শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮।

এই সময়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

Link copied!