ছবি: সংগৃহীত
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। বাজারে সবজির সরবরাহ ভালো থাকলেও কমেনি দাম। তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমে সহনীয় পর্যায়ে এসেছে। নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা।
আজ (শুক্রবার) ছুটির দিনে রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় বেশি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই বলে জানিয়েছেন ক্রেতারা।
বাজারে ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকার বেশি দামে। ব্রয়লার মুরগির প্রতি কেজি ২০০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজি দরে।
সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমেনি। প্রতি পিস লাউ ৮০ টাকা এবং চালকুমড়া ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারভেদে পটল, করলা ও কাকরোলের দাম ৮০ থেকে ১০০ টাকা কেজি। তবে কাঁচা পেঁপে পাওয়া যাচ্ছে ৪০ টাকা কেজিতে। আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
এদিকে কাঁচা মরিচের দাম কিছুটা কমে সহনীয় পর্যায়ে এসেছে। মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।