রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৫:০৭ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ

ছবি: পিএমও

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্যরা ভোট দেন।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ ভবনে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হলো। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী অলি আহমদ।

নির্বাচনে সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভোট দেন। শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। পরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভোটাভুটিতে মোট ৩৪৯ জন সংসদ সদস্য অংশ নেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দলটি এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় তারা এ নির্বাচনে ভোট দেবে না।

বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জাতীয় সংসদ কক্ষে ভোট গণনা শুরু হয়।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।

Link copied!