বেলজিয়ামে সংস্কারকাজের সময় দেয়ালের ভেতর মিলল কোটি ডলারের সোনা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ০৪:২৯ পিএম

বেলজিয়ামে সংস্কারকাজের সময় দেয়ালের ভেতর মিলল কোটি ডলারের সোনা

ছবি: সংগৃহীত

বেলজিয়ামের একটি ভবন সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধারের পর ওই এলাকায় গুপ্তধন খুঁজতে আসা লোকজনকে সতর্ক করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় ৯০ লাখ ইউরো বা ১ কোটি ৪ লাখ ডলারের বেশি বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির পূর্ব ফ্লেমিশ অঞ্চলের ডেন্ডারমন্ড শহরের একটি ভবনে সংস্কারকাজ চলাকালে এসব সোনার সন্ধান পাওয়া যায়। নির্মাণশ্রমিকেরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার হওয়া সোনার ছবি প্রকাশ করে।

পুলিশের প্রকাশিত ছবিতে প্রায় ৫০টি সোনার বার এবং স্তূপ করে রাখা সোনার মুদ্রা দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির ভূগর্ভস্থ একটি কক্ষের দেয়ালের মধ্যে ইটের আড়ালে এসব সোনা লুকিয়ে রাখা হয়েছিল। ভবনটির মালিক স্থানীয় দাতব্য সংস্থা সিএডব্লিউ ইস্ট-ফ্ল্যান্ডার্স।

বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটিকে এক নির্মাণশ্রমিক বলেন, সোনা পাওয়ার পর তাদের প্রথম প্রতিক্রিয়া ছিল অবিশ্বাস ও বিস্ময়। কোবে নামে পরিচয় দেওয়া ওই শ্রমিক জানান, পয়োনিষ্কাশন ব্যবস্থার পাইপ বসানোর জন্য মাটি খোঁড়ার সময় তারা সোনাগুলোর সন্ধান পান।

উদ্ধার হওয়ার পর সোনাগুলো দ্রুত তালিকাভুক্ত করে সরকারি ফেডারেল সার্ভিসের একটি উচ্চনিরাপত্তার ভল্টে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে সোনার প্রকৃত মালিক কে, কিংবা কেউ আইনগতভাবে এর মালিকানা দাবি করে সেগুলো নিজের কাছে রাখতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে সোনা উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর ওই এলাকায় গুপ্তধন সন্ধানীদের আনাগোনা শুরু হয়েছে। পুলিশের ভাষ্য, বেশ কয়েকজন আবারও সেখানে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে সবাইকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের আশা, তদন্ত শেষে বিপুল এই গুপ্তধন আইন অনুযায়ী প্রকৃত মালিক বা সঠিক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

Link copied!