আগস্ট ১২, ২০২৬, ০৭:০১ পিএম
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি | ছবি: সংগৃহীত
বিশ্ব অর্থনীতির সঙ্গে চীনের উন্মুক্ততা বাড়ানোর অন্যতম প্রধান কারিগর এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার সকাল ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
তীক্ষ্ণভাষী ও সংস্কারপন্থী এই অর্থনীতিবিদ ১৯৯০-এর দশকে চীনের রাষ্ট্রীয় শিল্প খাতে ব্যাপক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশটির দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি শক্তিশালী করে। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বেই বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যোগ দেয় চীন।
১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং চীনের সর্বোচ্চ অর্থনৈতিক পদে দায়িত্ব পালনের সময় ঝু রংজি ব্যাপক ও দ্রুতগতির অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ ও লাভজনক করার উদ্যোগ নিতে গিয়ে কমিউনিস্ট পার্টির রক্ষণশীল অংশ এবং রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সংঘাতে জড়ান তিনি। তাঁর সংস্কারের ফলে লাখ লাখ মানুষ চাকরি হারালেও এসব পদক্ষেপ চীনের অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়তা করে।
পরবর্তী সময়ে চীন অর্থনৈতিক শক্তি হিসেবে দ্রুত এগিয়ে যায়। ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয় দেশটি।