বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ফটকে বিস্ফোরণ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০২:১৮ পিএম

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের ফটকে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে আকস্মিক এ বিস্ফোরণে বিকট শব্দে পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর আদালত চত্বরে সেবা প্রত্যাশীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থল ঘিরে রাখে। পাশাপাশি বিস্ফোরিত বস্তুটির ধরন ও উৎস শনাক্ত করতে পুলিশ ও সিআইডি কাজ শুরু করেছে।

আদালতের প্রধান ফটকে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্য জানান, সকালে হঠাৎ গেটের পাশে বিকট শব্দ হয়। এ সময় কিছু কাচের টুকরা ও কাদা-মাটি ছিটকে পড়ে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়লেও কেউ হতাহত হননি।

বিএনপিপন্থি আইনজীবীদের অভিযোগ, জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই পলাতক ফ্যাসিস্টরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বরিশাল জেলা জজ কোর্টের আইনজীবীরা বলেন, গত ৩ আগস্ট বরিশালের বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পর নতুন করে আদালত চত্বরে বিস্ফোরণের ঘটনা ঘটল। সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে তারা মনে করছেন। বিষয়টি প্রশাসনকে গুরুত্ব দিয়ে দেখার দাবি জানান তারা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ বলেন, এটি ককটেল নাকি পটকা সাদৃশ্য বস্তু তা তদন্ত শেষে বলা যাবে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বর্তমানে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!