ঢামেকে কিশোরীর লাশ রেখে পালালেন দুই ব্যক্তি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০২:৪৯ পিএম

ঢামেকে কিশোরীর লাশ রেখে পালালেন দুই ব্যক্তি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক কিশোরীর লাশ রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। আজ (বুধবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে তারা ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে ওই কিশোরীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন দুই ব্যক্তি। সেখানে হাসপাতালের এক ট্রলিম্যান তাকে জরুরি বিভাগে নিয়ে যান।

কিশোরীর মৃত্যু হয়েছে বুঝতে পেরে দুই ব্যক্তির একজন টিকিট আনার কথা বলে এবং অপরজন গাড়ির ভাড়া দেওয়ার কথা বলে কৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে হাসপাতালের স্টাফরা কিশোরীকে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানান, কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, ভিকটিমের শরীরে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

নিহত কিশোরীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাসহ পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান পরিদর্শক মো. ফারুক।

Link copied!