রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৬, ২০২৬, ০৩:০৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২০ আগস্ট

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ (বৃহস্পতিবার) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন। নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদ অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী পুরো নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র জমা দিতে হবে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে।

সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর কমিশনের পরবর্তী প্রশাসনিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তিনি বলেন, আপাতত শুধু নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে; পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য ও অগ্রগতি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন।

পরে ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বর্তমানে অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

Link copied!