আগস্ট ৫, ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি: সংগৃহীত
ওমানের সঙ্গে ভবিষ্যৎ নৌ-চলাচল নিয়ে সম্ভাব্য সমঝোতা হলেও কৌশলগত হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। সংশ্লিষ্ট এক অভিজ্ঞ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সূত্রটি জানায়, হরমুজ প্রণালিতে ভবিষ্যৎ নৌ-চলাচলের ব্যবস্থা নিয়ে আলোচনা কেবল তেহরান ও মাসকাটের মধ্যেই সীমাবদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রের কোনও সম্পৃক্ততা নেই। পাশাপাশি, ইরান ও ওমানের মধ্যে সম্ভাব্য চুক্তি হলেও তার অর্থ এই নয় যে হরমুজ প্রণালি সঙ্গে সঙ্গে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের ভাষায় ‘যুক্তরাষ্ট্রের লঙ্ঘন’ অব্যাহত থাকলে সমঝোতা হলেও হরমুজ প্রণালি বন্ধই থাকবে। সূত্রটি জানায়, প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তন এবং তাদের কথিত লঙ্ঘনের সংশোধনের ওপর।
এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করলে নতুন নৌ-চলাচল করিডোর নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান।
এদিকে ইরানি কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, সামরিক হুমকির মাধ্যমে ওয়াশিংটন আলোচনায় প্রভাব বিস্তার এবং সম্ভাব্য সমঝোতা বিলম্বিত করার চেষ্টা করছে।