নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, মিলবে যেসব সুবিধা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০২:০১ পিএম

নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, মিলবে যেসব সুবিধা

ছবি: সংগৃহীত

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হয়েছে ভয়েস ও ভিডিও কলের সুবিধা। ফলে যারা ডেস্কটপ অ্যাপ ব্যবহার না করে ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তারা এখন সরাসরি অডিও ও ভিডিও কল করতে পারবেন।

মঙ্গলবার নতুন এই সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই অডিও ও ভিডিও—দুই ধরনের কল করতে পারবেন। এ জন্য আলাদা কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা অতিরিক্ত ফিচারের প্রয়োজন হবে না।

এ ছাড়া নতুন আপডেটে যুক্ত হয়েছে ‘কল ট্রান্সফার’ সুবিধা। এর মাধ্যমে চলমান কোনো কল কেটে না দিয়েই মোবাইল বা ট্যাবলেট থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব বা ডেস্কটপ অ্যাপে স্থানান্তর করা যাবে। কল স্থানান্তরের সময় অপর প্রান্তের ব্যবহারকারী কোনো বিরতি অনুভব করবেন না; অডিও বা ভিডিও কল স্বাভাবিকভাবেই চলতে থাকবে।

গ্রুপ কল ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে যুক্ত হয়েছে ‘ওয়েটিং রুম’ সুবিধা। কল লিংকের মাধ্যমে যুক্ত হওয়া গ্রুপ কলে হোস্টের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। ‘Require approval to join’ অপশন চালু থাকলে নতুন কেউ সরাসরি কলে প্রবেশ করতে পারবেন না। আগে তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে, এরপর হোস্ট যাচাই-বাছাই করে অনুমতি দিলে তিনি কলে যুক্ত হতে পারবেন। এতে কল শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগও পাবেন হোস্ট।

নতুন আপডেটে ‘কুইক এইচডি’ সুবিধাও যুক্ত হয়েছে। এর ফলে কল সংযোগ হওয়ার শুরু থেকেই ব্যবহারকারীরা হাই-ডেফিনিশন (HD) ভিডিও সেবা পাবেন। ভিডিওর মান স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে, এজন্য আলাদা কোনো সেটিংস চালু করার প্রয়োজন হবে না।

এ ছাড়া ‘নয়েজ সাপ্রেশন’ ফিচারের মাধ্যমে বাইরের হইচই, ট্রাফিকের শব্দ কিংবা ফ্যানের আওয়াজ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠ আরও পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হবে। কল চলাকালীন স্ক্রিন থেকেই প্রয়োজন অনুযায়ী এই ফিচার চালু বা বন্ধ করা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন আপডেটটি পর্যায়ক্রমে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।

Link copied!