বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার বিকেল থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আকস্মিক বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর ফলে বহু ব্যবহারকারী তাদের অ্যাকাউন্টে লগইন করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ব্যবহারকারীদের অভিযোগ, অনেকের ফেসবুক টাইমলাইন স্বাভাবিকভাবে লোড হচ্ছে না। আবার কারও কারও অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে মেসেঞ্জার থেকে লগআউট হয়ে যাচ্ছে।
সংবাদমাধ্যম ইউনিলেইডের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন যে তারা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারছেন না। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত প্রায় ৮টার দিকে আউটেজ ট্র্যাকিং সাইট ফাস্টডাউন জানায়, গত ২৪ ঘণ্টায় ৫,৭০০ ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার রিপোর্ট করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।
অনেক ব্যবহারকারী পুনরায় লগইন করতেও ব্যর্থ হচ্ছেন। নতুন করে লগইনের চেষ্টা করলে অনেকের স্ক্রিনে একটি বার্তা দেখা যাচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘একটি অপ্রত্যাশিত ত্রুটি ঘটেছে’।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্মে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। তবে কী কারণে এই সমস্যা তৈরি হয়েছে, তা এখনো জানা যায়নি।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে কতক্ষণ এই সমস্যা চলতে পারে, সে সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। তবে পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকরা ব্যবহারকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইলা জানিয়েছে, ফেসবুকের এই বিভ্রাট নিয়ে অনেক ব্যবহারকারী নিজেদের প্রতিক্রিয়া জানাতে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন।