মশার কয়েল কিনতে গিয়ে গুলিবিদ্ধ বাঙলা কলেজের ছাত্র

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২৬, ১১:৩৭ এএম

মশার কয়েল কিনতে গিয়ে গুলিবিদ্ধ বাঙলা কলেজের ছাত্র

প্রতীকী ছবি

রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজছাত্র আহত হয়েছেন। আহত মো. করিম (১৮) মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। করিমের বাড়ি মানিকদি আমতলায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।

আহতের বাবা রফিকুল ইসলাম বলেন, রাতে আমি আমার ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলাম। এরপর আমার ছেলে গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল।

তিনি বলেন, আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে বাসায় ফেরার সময় অন্ধকারে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। পরবর্তীতে আমাদের খবর দিলে আমরা উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেলে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই।

রফিকুল ইসলাম বলেন, রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে।

তিনি আরও বলেন, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাদের কারোরই জানা নেই। করিমের সাথে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করেছি।

Link copied!