হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৪:০২ পিএম

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৫ শিশু।

আজ (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩০ জনে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৮২৫ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ছিল ৯৯২। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ১ হাজার শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৭৪৫। এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫। এর মধ্যে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।

Link copied!