ছবি: সংগৃহীত
ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাত করার আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
অনুমোদিত এই টিকা ৪ বছর থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা নিতে পারবেন। এটি ডেঙ্গু ভাইরাসের চার ধরনের বিরুদ্ধে সুরক্ষা দিতে সক্ষম। টিকাটি নিতে হবে দুই ডোজে, যার মধ্যে তিন মাসের ব্যবধান রাখতে হবে।
তাকেদা জানিয়েছে, কিউডেঙ্গা টিকা নেওয়ার আগে ডেঙ্গু পরীক্ষা করানোর প্রয়োজন নেই। এছাড়া এর আগে কারও ডেঙ্গু হয়েছিল কি না, সেটিও টিকা নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য নয়।
তাকেদার বৈশ্বিক ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পরিচালিত ১৯টি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার (ট্রায়াল) ফলাফলের ভিত্তিতে ভারতে টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে।
এসব পরীক্ষায় ডেঙ্গুপ্রবণ ও সাধারণ—দুই ধরনের অঞ্চলের ২৮ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। গত দুই দশকে ভারতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ১১ গুণ বেড়েছে।