গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপ্পের সঙ্গে আর কারা আছেন?

স্পোর্টস ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৬:০৩ পিএম

গোল্ডেন বুটের দৌড়ে মেসি-এমবাপ্পের সঙ্গে আর কারা আছেন?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে জমে উঠেছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের প্রতিদ্বন্দ্বিতা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল না পেলেও আর্জেন্টিনার দুই গোলেই অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন মেসি।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি ও এমবাপ্পে—দুজনেরই গোলসংখ্যা ৮টি। ফলে ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিয়ে উত্তেজনা তুঙ্গে।

ফিফার নিয়ম অনুযায়ী, একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় অ্যাসিস্ট। সেই হিসাবে বর্তমানে এগিয়ে রয়েছেন মেসি। ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট যোগ হওয়ায় তার মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে ৪টি। অন্যদিকে এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি।

দুই তারকার সামনেই রয়েছে একটি করে ম্যাচ। আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। অন্যদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে এমবাপ্পের ফ্রান্স।

যদি শেষ পর্যন্ত গোল ও অ্যাসিস্ট—উভয় ক্ষেত্রেই সমতা থাকে, তাহলে বিবেচনায় আসবে মাঠে খেলা মোট সময়। যে ফুটবলার কম মিনিট খেলে একই সংখ্যক গোল ও অ্যাসিস্ট করবেন, তিনিই গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবেন।

এদিকে ৭ গোল নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন নরওয়ের আর্লিং হালান্ড। তবে নরওয়ে ইতোমধ্যে বিদায় নেওয়ায় তার গোল করার আর সুযোগ নেই।

অন্যদিকে, ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহামও পুরোপুরি ছিটকে যাননি। দুজনেরই গোল ৬টি এবং অ্যাসিস্ট ১টি করে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বড় কিছু করতে পারলে তারা সমীকরণ বদলে দিতে পারেন। তবে মেসি ও এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়া তাদের জন্য কঠিন চ্যালেঞ্জই হবে।

Link copied!