আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ০৭:০৫ পিএম

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

ছবি: রয়টার্স

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় ভোরের দিকে রাজধানী আলজিয়ার্সের পাশের একটি এতিমখানায় আগুন লাগে। এতে হতাহতের ঘটনা ঘটে।

সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীর পূর্বাঞ্চলীয় শহরতলী মোহাম্মদিয়া জেলার ওই এতিমখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

নিহতদের বয়স বা পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করে সংস্থাটি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডে এতিমখানাটির ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন মাঝারি থেকে গুরুতর দগ্ধ হয়েছেন। উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, অগ্নিনির্বাপণ কার্যক্রম এখনো চলমান রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয়, বয়স এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে কয়েক সপ্তাহ ধরে আলজেরিয়াজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, তীব্র গরমের মধ্যে গত ৮ জুলাই থেকে দেশজুড়ে ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দেশটির ফায়ার সার্ভিস।

Link copied!