বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৬, ০১:০৩ পিএম

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের সাধারণ সামাজিক ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। গত ১ সেপ্টেম্বর থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে।

নতুন নিয়মের ফলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ কমে যাবে। নতুন ব্যবস্থায় বাংলাদেশি পর্যটকদের জন্য সাধারণভাবে সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের জন্য সামাজিক ভ্রমণের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করে সিঙ্গেল এন্ট্রি ভিসা কার্যকর করা হয়েছে, তাদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই নীতির বিষয়টি জানানো হয়।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) আর ঢালাওভাবে সব দেশের নাগরিকদের জন্য দেওয়া হবে না।

তবে নতুন ব্যবস্থায় নির্দিষ্ট কিছু ভ্রমণের উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এসব উদ্দেশ্যের মধ্যে রয়েছে ব্যবসা, চিকিৎসা, ফ্লাই অ্যান্ড ক্রুজ এবং ওয়েডিং ট্যুরিজম।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এই নতুন নীতি ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তবে এ সিদ্ধান্তের সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার সরাসরি কোনো সম্পর্ক নেই।

Link copied!