টঙ্গীর তুরাগ নদের তীরে আগামী জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইজতেমা আয়োজন নিয়ে দুই পক্ষ থেকে পৃথক প্রস্তাব দেওয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদপন্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বৈঠকে সাদপন্থীরা প্রস্তাব দেন, জানুয়ারি মাসে জুবায়েরপন্থীদের দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর বিরতি দিয়ে রমজানের আগে এক পর্বে তারা ইজতেমা আয়োজন করতে চান। অন্যদিকে, সাদপন্থীদের জন্য ভিন্ন স্থানে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন জুবায়েরপন্থীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষের সাথে আরও বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।
এদিকে, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশের অপরাধ পরিস্থিতি অনেকটা ভালো বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।