বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন, আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:৪৯ পিএম

বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন, আরও কিছুদিন  থাকতে হবে হাসপাতালে

ছবি: সংগৃহীত

জ্বর, শ্বাসকষ্ট ও কাশির কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকদের পরামর্শে তাঁকে আরও কয়েক দিন হাসপাতালে রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হবে।

বুধবার হাসপাতাল থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী মন্ত্রী শারীরিক অসুস্থতা নিয়ে জরুরি বিভাগে আসেন। তাঁর জ্বর, শ্বাসকষ্ট ও কাশি ছিল। মন্ত্রীর আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। সম্প্রতি ব্যাংককে তাঁর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে স্টেন্টও বসানো হয়েছে।

জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। এরপর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রক্তের বিভিন্ন পরীক্ষার ফলাফল ও বুকের এক্স-রে পর্যালোচনার পর ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। পরে বুধবার সকাল ৯টায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে নতুন করে আরেকটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী বর্তমানে মন্ত্রীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল। তবে পুরোপুরি চিকিৎসা নিশ্চিত করা এবং নিবিড় পর্যবেক্ষণের জন্য তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে মত দিয়েছেন চিকিৎসকেরা।

Link copied!