দেশে হাম ও উপসর্গে ৯৮৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১ হাজার ৯৭

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৬:৪০ পিএম

দেশে হাম ও উপসর্গে ৯৮৩ শিশুর মৃত্যু, আক্রান্ত আরও ১ হাজার ৯৭

দেশে হামের প্রকোপে পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭ শিশু।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাম পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৩।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩৪ শিশু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৩ শিশু। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৫৯ জন।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ১৮৪। এর মধ্যে ১৯ হাজার ৪৪৭ জনের হাম নিশ্চিত হয়েছে।

এ সময়ে মোট ১ লাখ ৪০ হাজার ৪৭২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ১ লাখ ৩৫ হাজার ৪১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Link copied!