সেপ্টেম্বর ২, ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরুর খবরের পর প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ফেসবুক পোস্টে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদ দাবি করেন, ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে নেওয়ার মাধ্যমে মোট ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতির অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব, একজন উপসচিবসহ আরও কয়েকজন জড়িত বলে অভিযোগের কথা উল্লেখ করেন তিনি।
দুদক যেহেতু অভিযোগের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে, তাই সেই প্রমাণ জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানান আসিফ মাহমুদ। এ বিষয়ে রাতে বিস্তারিত জানাবেন বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি।
এর আগে বুধবার দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য এবং নিয়োগ, পদোন্নতি ও পদায়নে অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।