কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৩:৩২ পিএম

কেউ অভিযোগ করতে পারেনি মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে এমন অভিযোগ করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, ব্যতিক্রমী কিছু ঘটনা ছাড়া মাদ্রাসার শিক্ষার্থীদের ধূমপান করতেও দেখা যায় না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন জামায়াত আমির। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মাদ্রাসার ছাত্ররা ইয়াবা, গাঁজা বা অন্য কোনো মাদক সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবেন না। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া কোনো মাদ্রাসাছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যায় না।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরকারের সমালোচনা করেন। তার ভাষ্য, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের এই ব্যর্থতার কারণেই ১১ দলকে রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে।

দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদের পাশাপাশি রাজপথেও সক্রিয় থাকবে বলে জানান জামায়াতের আমির।

এ সময় কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন নিয়েও সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, দেশের কওমি শিক্ষার উন্নয়নে সরকারের যথেষ্ট আন্তরিকতা নেই।

Link copied!