বাজারে নানান ধরনের সবজির সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকায়। এর মধ্যে শীতের আগাম সবজির দাম রয়েছে আকাশছোঁয়া। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। তবে পেঁয়াজ ও রসুনের দাম কেজিতে ১০ টাকা করে কমেছে।
আজ (শুক্রবার) রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে সবজির পাশাপাশি বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ২০ টাকা বেশি।
এদিকে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। আগের সপ্তাহের মতোই প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। চালের বাজারও তুলনামূলক স্বস্তিদায়ক। পাশাপাশি গরু ও খাসির মাংসের দামেও কোনো পরিবর্তন দেখা যায়নি।
শীতের আগাম সবজির দামও ক্রেতাদের চাপে ফেলেছে। বাজারে শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৪০ টাকায়। ফুলকপির দাম ১০০ থেকে ১২০ টাকা কেজি এবং প্রতিটি বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
খুচরা বাজারে কাঁচা পেঁপে ও মিষ্টি কুমড়া ছাড়া ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তবে কিছুটা স্বস্তি মিলেছে পেঁয়াজের দামে। দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে বর্তমানে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।