মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মায়ের মামলা, শিক্ষক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৭:১১ পিএম

মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মায়ের মামলা, শিক্ষক গ্রেপ্তার

মো. রফিকুল ইসলাম, ছবি: সংগৃহীত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাঁকে আটকে রাখার খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম ফতুল্লার মুসলিম নগরের তাহসিনুল কোরআন মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন।

৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বুধবার বিকেলে মুসলিম নগর থেকে একজন ৯৯৯-এ ফোন করে অভিযোগের বিষয়টি জানান। স্থানীয় লোকজন শিক্ষককে আটকে রেখেছেন এবং ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে বলেও জানানো হয়।

পরে ৯৯৯ থেকে ফতুল্লা থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্র হাফেজি শেষ করার পর আরও ভালোভাবে কোরআন মুখস্থ করার জন্য প্রায় এক বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি হয়। অভিযোগ, সেখানে ভর্তি হওয়ার পর থেকেই রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তাকে বলাৎকার করে আসছিলেন।

সর্বশেষ গত ৩১ আগস্ট রাতে ওই ছাত্রকে বলাৎকার করা হলে সে অসুস্থ হয়ে পড়ে বলে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে তার মা মাদ্রাসা থেকে তাকে বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে ছেলের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে স্থানীয় লোকজন রফিকুল ইসলামকে ঘেরাও করলে তিনি অভিযোগ স্বীকার করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেছেন। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Link copied!