আগস্ট ৩১, ২০২৬, ০১:০৬ পিএম
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্র থেকে প্রাথমিকভাবে যে সংখ্যক বোয়িং বিমান কেনার কথা ছিল, তার চেয়ে আরও বেশি বিমান কিনতে বাংলাদেশ রাজি হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া এই সমঝোতার কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্য তুলে ধরতে গিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বোয়িং চুক্তিকে ‘অসাধারণ’ হিসেবে উল্লেখ করেন গোর।
তিনি বলেন, নতুন সমঝোতার আওতায় যুক্তরাষ্ট্র থেকে অতিরিক্ত বোয়িং বিমান কেনার বিষয়ে বাংলাদেশ সম্মতি দিয়েছে। এ চুক্তির অধীনে ঢাকা বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতিও দিয়েছে বলে জানান তিনি।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয় বলে উল্লেখ করেন সার্জিও গোর।
এক্স পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্প কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে বোয়িং কেনার নতুন সমঝোতাকেও তিনি সেই উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরেন।