সপ্তাহের শুরুতেই ভরিতে ৭ হাজার টাকা কমল সোনার দাম

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০১:১৭ পিএম

সপ্তাহের শুরুতেই ভরিতে ৭ হাজার টাকা কমল সোনার দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে সোনার গহনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছিল। সর্বশেষ ২৫ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম বেড়ে হয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

এদিকে সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!