৮ বছরের প্রেমের পর বিয়ে করলেন অর্জুন রামপাল

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২৬, ০২:৩১ পিএম

৮ বছরের প্রেমের পর বিয়ে করলেন অর্জুন রামপাল

অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা, ছবি: সংগৃহীত।

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে আইনি প্রক্রিয়ায় বিয়ে নিবন্ধন করেন তারা।

বিয়েতে ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সাদামাটা পোশাকেই সাব-রেজিস্ট্রার কার্যালয়ে হাজির হন ৫৩ বছর বয়সী অর্জুন ও গ্যাব্রিয়েলা। বিকেল ৪টার দিকে সেখানে পৌঁছান তারা।

সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার ইউনিফর্ম সিভিল কোড অনুসরণ করেই তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। স্থানীয় নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান রয়েছে। তবে বিশেষ অনুমতি নিয়ে একই দিনেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করেন এই জুটি। বিয়ের ১৫ দিন পর মূল সনদ পাওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে সম্পর্কে জড়ানোর পর বিয়ে না করেই একসঙ্গে সংসার শুরু করেছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। তাদের দুই সন্তানও রয়েছে। ২০১৯ সালে জন্ম নেয় ছেলে অরিক এবং ২০২৩ সালে আসে দ্বিতীয় সন্তান আরিভ।

বিয়ের প্রয়োজনীয়তা নিয়ে অবশ্য এতদিন বিশেষ তাড়াহুড়ো ছিল না এই জুটির। এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিয়ের কাগজ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং একে অপরের পাশে থাকাকেই বেশি গুরুত্ব দেন তিনি। তবে বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের খবরও প্রকাশ্যে আনেন অভিনেতা।

এর আগে মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল অর্জুনের। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়। সেই সংসারে দুই মেয়ে মাহিকা ও মাইরার জন্ম। প্রায় ২১ বছর একসঙ্গে থাকার পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক ভালো রয়েছে। অন্যদিকে গ্যাব্রিয়েলা ও দুই সন্তানকে নিয়ে গোয়ার পানাজির কাছে নতুন সংসার গড়ে তুলেছেন অভিনেতা।

দীর্ঘদিনের সম্পর্ক, দুই সন্তান ও একসঙ্গে পথচলার পর এবার আইনি স্বীকৃতি পেল অর্জুন ও গ্যাব্রিয়েলার সম্পর্ক।

Link copied!